ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করেছেন পাঁচজন। এ নিয়ে গত দুই দিনে মোট ১৩ জন আগ্রহী প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন।

রোববার দুপুরে নমিনেশন আবেদন ফরম সংগ্রহ করেন ব্যবসা‌য়ী আবেদ মনসুর। তিনি আ'লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মেয়ের স্বামী। আবেদের পক্ষে তার ছোট ভাই হাবিব মনসুর ফরম সংগ্রহ করেন।

এছাড়া, এদিন আবেদন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট মমতাজ হাসান মেহেদী, মেজর (অব.) ইয়াদ আল ফকির, শামীম হাসান। আর সর্বশেষ সন্ধ্যায় মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ করেন যুবলীগের সাবেক নেতা আবুল বাশার।

দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপের কাছ থেকে মনোনয়ন আবেদনের ফরম সংগ্রহ করেন তারা।

এ নিয়ে দুই দিনে মোট ১৩ জন আগ্রহী প্রার্থী আ'লীগের দলীয় মনোনয়ন আবেদনের ফরম সংগ্রহ করেছেন।

ডিএনসিসির প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর শূন্য ঘোষিত হওয়া মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি উপনির্বাচনে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে আওয়ামী লীগ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ডিএনসিসি উপনির্বাচনে আ'লীগের দলীয় মনোনয়ন আবেদনের ফরম বিতরণ শুরু হবে ১৩ জানুয়ারি আর শেষ হবে ১৫ জানুয়ারি। আর ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টার মধ্যেই মনোনয়ন আবেদন পত্র জমা দিতে হবে।