ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের মেয়র পদে ২০ দলীয় জোটের একজন অভিন্ন প্রার্থী হবেন বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল এবং ও বর্তমান সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে এ সভার আয়োজন করে ঢাকাস্থ নরসিংদী জেলাবাসী।
রিজভী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের একজন অভিন্ন প্রার্থী হবে। এ নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি করা হবে, সববাদ এর বাইরে আর কোন কথা নেই। আমরা সবাই একত্রে লড়াই করে শেখ হাসিনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিব। এসময় খালেদা জিয়াকে নিয়ে অসত্য, মিথ্যা, বানোয়াট কথা না বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানান রিজভী।
রিজভী বলেন, মিথ্যাচার করে কেউ ইতিহাসে টিকে থাকেনি। থাকতে পারবে না। মিথ্যা বানোয়াট ও ভুয়া নথি বানিয়ে বেগম খালেদা জিয়াকে সপ্তাহে দুদিন আদালতে হাজির করানো হচ্ছে। জঙ্গিবাদ নিয়ে বিএনপিকে অপবাদ দেয়া হচ্ছে। কিন্তু এর সঙ্গে সরকারি দল জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে।
বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব ও দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক প্রমুখ।





