ঢাকা উত্তরের পুরো এলাকায় ও দক্ষিণের নতুন ১৮ ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, তোরণ, দেয়াল লিখনসহ সব সামগ্রী ৬ জানুয়ারির মধ্যে নিজ উদ্যোগে সরাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (৩১ ডিসেম্বর) বিভাগীয় কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসির পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান।
ঢাকা উত্তরের মেয়র পদে শূন্য নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের নতুন ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলের ভোট রয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের যে কোনো দিন ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন।
তফসিল ঘোষণার আগেই উত্তর সিটি করপোরেশনের সম্পূর্ণ এলাকা এবং দক্ষিণের নতুন ১৮টি ওয়ার্ডের আগাম প্রচার সামগ্রী ৬ জানুয়ারি রাত ১২ টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব সরাতে হবে। তা না হলে প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে
নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার কোথাও দেখা গেলে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ড হতে পারে। নির্বাচনী আইন লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন প্রার্থিতাও বাতিল করতে পারে।





