বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়ার আগে পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতের আশপাশ ও হাইকোর্ট এলাকা থেকে দলটির অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটকের খবর পাওয়া গেছে। ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

আজ বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী মৃধা, মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পাভেল শিকদার ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব রয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। যাচাই বাছাই শেষ করে সন্ধ্যায় এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান জানান, বিএনপি চেয়ারপার্সনের হাজিরাকে কেন্দ্র করে বকশিবাজারের অস্থায়ী আদালতের আশপাশ ও হাইকোর্ট এলাকা থেকে অন্তত ১৫ জনকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত,জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি আদালতের উদ্দেশে রওনা হন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এ মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল), ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।