প্রায় দেড় যুগ আগের কথা। খুলনার বিভাগীয় ক্রিকেট ক্যাম্পে ট্রায়াল দিতে এসেছিলেন ১৭ বছরের মাশরাফি বিন মর্তুজা। তখন আকরাম খান আর আমিনুল ইসলামদের সময়। তরুণ মাশরাফির খোঁজ কে রাখে! কিন্তু ট্রায়ালে তাকে এক নজর দেখেই ভবিষ্যতের তারকাকে খুঁজে পেয়েছিলেন মোহাম্মদ মেহেদি হাসান।

খুলনায় বিভাগীয় ক্রিকেট ক্যাম্পে মাশরাফির কোচ ছিলেন তিনি। বাংলাদেশের ক্রিকেট আইকন’র প্রথমদিককার গুরু। মেহেদি হাসান দীর্ঘদিন ধরে ক্রিকেট কোচিংয়ে আছেন। বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামে ছিলেন দীর্ঘ এক দশক। এরপর গত সাত বছর ধরে আছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)।

গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে সবুজে ঘেরা চট্টগ্রামের আঞ্চলিক বিকেএসপিতে দেখা হলো মেহেদি হাসানের সঙ্গে। কথায় কথায় বললেন অনেক কিছুই। বিকেএসপির সম্ভাবনাময়ী খুঁদে ক্রিকেটারদের নিয়ে বলতে গিয়ে নিজের কোচিং অভিজ্ঞতার কথাও জানালেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে মাশরাফিকে কোচিং করানোর সুযোগ হয়েছিল তার।

সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেবল বয়সভিত্তিক দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। শ্রীলঙ্কা থেকে কোচ এসেছে সহযোগিতার জন্য। লঙ্কানদের উপস্থিতিতেই খুলনার বিভাগীয় ক্রিকেট ক্যাম্প শুরু হয়। ট্রায়াল দিতে আসেন নড়াইল থেকে আসা মাশরাফি। ১৭ বছরের এই তরুণের বলে দুরন্ত গতি দেখে বিস্মিত হয়েছিলেন মেহেদি হাসান।

বুঝেছিলেন, এই তরুণ জাতীয় দলে খেলবেই। একদিন হয়ে উঠবে দেশের সেরা তারকা। তার ভাষ্যমতে লঙ্কান কোচেরাও মাশরাফিকে দেখে বলেছিলেন, ‘তোমাদের এই ছেলেটা ভবিষ্যতের সম্পদ হতে যাচ্ছে।’ মেহেদি হাসান আর লঙ্কান কোচদের মূল্যায়ন মোটেও ভুল ছিল না। মাশরাফি ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অংশ হয়ে গেলেন। বিজয়ী বীরের খেতাব পেলেন। জয় করে নিলেন কোটি কোটি মানুষের হৃদয়।

মোহাম্মদ মেহেদি হাসানের সেই ক্যাম্পে প্রায় তিন মাসের মতো ছিলেন মাশরাফি। এর আগেও বিকেএসপির তৃণমূল পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে মাশরাফির উপস্থিতি ছিল বলে জানিয়েছেন তিনি। তবে অনূর্ধ্ব-১৭-এর সেই ক্যাম্পটার গুরুত্ব ছিল অনেক।

সেখানে সৈয়দ রাসেলও ছিলেন। পেস বোলিংয়ে হাসিবুল হাসান শান্তদের পর সম্ভাবনাময় ছিলেন মাশরাফি-রাসেলরা। পরবর্তীতে নিজেদেরকে প্রমাণও করেছেন তারা। মাশরাফি এবারের বিপিএলে বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন। সামনে থেকে লড়াই করে দলকে নিয়ে যাচ্ছেন সাফল্যের দিকে।

মাশরাফির ক্যারিয়ারের প্রথমদিকে গুরুর ভূমিকায় থাকা মেহেদি হাসান বর্তমানে চট্টগ্রামের আঞ্চলিক বিকেএসপির সিনিয়র কোচ। তার সঙ্গে সহকারী হিসেবে আছেন মির্জা আবু কাউসার। তাদের অধীনে ৪১ জন খুদে ক্রিকেটার নিবিড় প্রশিক্ষণ নিচ্ছেন। নতুনদের মধ্যে বেশ সম্ভাবনা দেখছেন তারা।

আবু কাউসার জানালেন, চট্টগ্রাম বিকেএসপির ইজিয়াদ হোসেন ইফাদি অনূর্ধ্ব-১৫ দলে স্থান পেয়েছেন। এ ছাড়াও বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার আছে। এদের মধ্যে কেউ কেউ হয়তো বা মাশরাফির মতোই মহান ক্রিকেটার হয়ে উঠবে ভবিষ্যতে!