ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের অবস্থা সংকটাপন্ন, লন্ডনের একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন গুলোর স্ক্যলে এ সম্পর্কিত সংবাদ প্রকাশিত হয়। এদিকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আনিসুল হকের স্ত্রী রুবানা হক।
রুবানা বলেন, সংক্রমণের কারণে আনিসুল হককে ফের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত ৪ অগাস্ট অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তির পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল আনিসুল হককে।
অবস্থার উন্নতি ঘটার পর গত ৩১ অক্টোবর তাকে আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তরের খবর জানিয়ে বিবৃতি দিয়েছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন। তার এক মাসের মধ্যে ফের আইসিইউতে নেওয়া হল ৬৫ বছর বয়সী আনিসুল হককে।
নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। অসুস্থ বোধ করায় ৪ অগাস্ট লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
এদিকে আনিসুল হকের অসুস্থতা নিয়ে নানা গুঞ্জনের প্রেক্ষাপটে গত ৩১ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশন বিবৃতি দিয়ে জানায়, তার অবস্থার উন্নতি হচ্ছে।





