খুসকি কমাতে-ব্যবহূত টি-ব্যাগ ফেলে না দিয়ে এয়ারটাইট জারে ফ্রিজে সংরক্ষণ করুন। দুই গ্লাস পানিতে চার-পাঁচটি টি-ব্যাগ দিয়ে জ্বাল দিন। পানি কমে ১ কাপ পরিমাণ হলে নামিয়ে রাখুন।
ঠাণ্ডা হলে এই লিকারের সঙ্গে মেশান দুই টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু ও ১ চা চামচ লবণ। মাথার ত্বকে ঘষে ঘষে লাগান। আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহারে খুসকির সমস্যা থেকে রেহাই মিলবে।
চুল পড়া রোধে
চুল পড়া কমাতে সবুজ চায়ের লিকার অব্যর্থ দাওয়াই। গ্রিন টি-ব্যাগ ১ কাপ ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা হয়ে গেলে তুলার বল দিয়ে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।
সপ্তাহে দুই দিন, দুই মাস ব্যবহারে আশানুরূপ ফল পাবেন। চা-গাছের কাঁচা পাতাও চুল পড়া কমাতে সাহায্য করে। চা-পাতা সিদ্ধ পানি চুল পড়া রোধ করে। ২০-২৫টি কাঁচা চা-পাতা ও তুলসী পাতা একত্রে সিদ্ধ করে মাথায় মেখে ১৫ মিনিট পর ধুয়ে ফেললে উঁকুন দূর হয়।
নিরাপদ রং চাইলে
কেমিক্যাল কালার ছাড়া চুলে হালকা বাদামি আভা চাইলে বেছে নিতে পারেন চা। আধা কাপ চা-পাতা আধা লিটার পানিতে মিশিয়ে জ্বাল দিন। অল্প আঁচে দীর্ঘ সময় ধরে লিকার তৈরি করুন। লিকার ঘন হলে নামিয়ে রাখুন। রাতে শোয়ার আগে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ঘন চায়ের লিকার ভালোভাবে লাগান। খেয়াল রাখতে হবে সব চুলে যেন সমানভাবে লিকার লাগানো হয়। এরপর শাওয়ার ক্যাপ পরে সারা রাত রেখে দিন। সকালে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহারে চুলের রঙে পরিবর্তন আসবে।
প্রাকৃতিক কন্ডিশনার
ন্যাচারাল কন্ডিশনার হিসেবে চায়ের লিকারের সুনাম রয়েছে। আধা লিটার পানিতে ১ চামচ চা-পাতা দিয়ে ফোটাতে থাকুন। লিকার ঘন হয়ে অর্ধেক হলে নামিয়ে রাখুন। শ্যাম্পুর পর ১ মগ পানিতে এই লিকার মিশিয়ে চুলে ঢেলে দিন। আর ধোয়ার দরকার নেই। চুল শুকালে নরম রেশমি চুল পাবেন।





