সিরিয়ার পূর্বাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ কমপক্ষে ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রোববার ভোরে ইসলামিক স্টেটের দখলে থাকা একটি গ্রামের ‘আবাসিক এলাকায়’ এ হামলা চালানো হয়।
একটি পর্যবেক্ষণ সংস্থা একথা জানিয়েছে।
মানবাধিকার বিষয়ক ব্রিটিশ ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের আল-শাফাহ গ্রামে এ বিমান হামলা চালানো হয়।
প্রাথমিকভাবে রাশিয়ার এ বিমান হামলায় নিহতদের সংখ্যা ৩৪ বলা হলেও ধ্বংসস্তুপের ভিতর থেকে আরো অনেক লাশ উদ্ধার হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়ায়।
মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান এএফপি’কে বলেন, ‘দিনব্যাপী উদ্ধার অভিযানে ধ্বংসস্তুপ সরানোর পর এ সংখ্যা বৃদ্ধি পায়।’ তিনি আরো জানান, একটি ‘আবাসিক এলাকায়’ এ বিমান হামলা চালানো হয়। এতে কমপক্ষে আরো ১৮ জন আহত হয়েছেন।
রাশিয়া হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একটি ঘনিষ্ঠ মিত্র দেশ। ফলে মস্কো ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে আসাদ সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ শুরু করে। পর্যায়ক্রমে ভূ-খণ্ড পুনর্নিয়ন্ত্রণ নিতে এটি দামেস্ককে সহায়তা করে।
সিরিয়ার দেইর ইজোর হচ্ছে আইএসের দখলে থাকা সর্বশেষ ভূ-খণ্ডগুলোর অন্যতম।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, বর্তমানে দেইর ইজোরের মাত্র নয় শতাংশ আইএসের দখলে রয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় সঙ্ঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত তিন লাখ ৪০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছেন।





