১০৮ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ভারতের হরিয়ানা রাজ্যের তরুণী মানুসী মিস ওয়ার্ল্ড ২০১৭ নির্বাচিত হয়েছেন, এটা পুরোনো খবর। আজ রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে পা রাখেন সেই মিস ওয়ার্ল্ড মানুসী চিল্লার, এই নতুন খবরে অনেকেই আনন্দিত।
বিশ্ব সুন্দরীকে দেখতে ভিড় ছিল উপচে। পতাকা নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান দিচ্ছিলেন ভক্তরা। বিমানবন্দরে এই জনসমর্থন দেখে আনন্দ ধরে রাখতে পারেননি মানুসী। নিজের আনন্দ প্রকাশ করেছেন টুইটারে।
বিমানবন্দরে নেমেই মানুসী বলেন, ‘দেশে ফিরে আমার ভীষণ ভালো লাগছে। এত মানুষ আমাকে অভ্যর্থনা জানাতে এসেছে, দেখে সত্যিই নিজেকে ধন্য মনে করছি।’
এশিয়ার মধ্যে ভারতই প্রথম মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিল। সেটা ১৯৬৬ সাল। ওইবার মেডিকেলের ছাত্রী রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড হয়েছিলেন। ঘটনাচক্রে তার ঠিক অর্ধ শতাব্দী পর সেই একই খেতাব জয় করলেন মেডিকেলের আরেক ছাত্রী মানুষী চিল্লার।
সম্প্রতি চীনের সান্যা সিটিতে মানুসীর মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন গত বছরের সেরা পুয়ের্তো রিকোর স্টিফেনি ডেল ভ্যালে।





