রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাইয়ে কঠোর হচ্ছে ইসি। যে কোন প্রার্থীর সম্পদ বিবরণীতে অসঙ্গতি আথবা সন্দেহজনক হলে মনোনয়ন বাতিল করে ব্যাবস্থা নেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্র এ তথ্য জানিয়েছে। হলফনামা সূত্রে জানান গেছে, রসিক নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী গুরুত্বপূর্ণ তিন প্রার্থীর মধ্যে সব থেকে ঋণ বেশি রয়েছে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলার। আর বাৎসরিক আয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার বাৎসরিক আয় সব থেকে কম।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। তার বাৎসরিক আয় ১৫ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে কৃষি খাত থেকে ৫০ হাজার, বাড়ি ও দোকান ভাড়া থেকে ২ লাখ ৪ হাজার, ব্যবসা থেকে আসে ১৩ লাখ টাকা। অন্যদিকে তার কাছে নগদ টাকা আছে ২ লাখ, ব্যাংকে জমা আছে ১ কোটি পাঁচ লাখ টাকা। দুটি জিপ ও একটি কারও রয়েছে এ প্রার্থীর। আরও আছে ২টি ফ্ল্যাট, ১টি বাড়ি ও ২ ভরি স্বর্ণ। তার নিজের নামে স্ট্যান্ডার্ড ব্যাংকে ঋণ আছে ৮ কোটি টাকা এবং যৌথ নামে সোনালী ব্যাংকে ঋণ আছে ৪২ কোটি টাকা।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সিটি প্রথম মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর শিক্ষাগত যোগ্যতা বিকম পাশ। তিনি আয় দেখিয়েছেন ৪৫ লাখ ৯৩ হাজার ১৪০ টাকা। এর মধ্যে মেস ভাড়া থেকে পান ৭৫ হাজার টাকা। স্ত্রীর ব্যবসা থেকে ৫ লাখ ৭১ হাজার টাকা, তার উপর নির্ভরশীল ছেলের চাকরি থেকে ১৩ লাখ ৩৩ হাজার, মুক্তিযোদ্ধা ভাতা থেকে ১ লাখ ২৭ হাজার ৫০০ এবং মেয়র সম্মানী থেকে আসে ১১ লাখ ৪ হাজার টাকা। এছাড়া ছেলের ভবন ভাড়া থেকে তিনি ১৩ লাখ ৮২ হাজার ৬৪০ টাকা আয় করেন। অন্যদিকে বর্তমানে তার নিজ নামে নগদ টাকা আছে ১৬ লাখ ৪৩ হাজার ৭৫৭ টাকা, স্ত্রীর নামে ১৬ লাখ ২৭ হাজার ৩৮ টাকা, নির্ভরশীল ছেলের নামে ৮৪ হাজার ৩৬৬ টাকা আছে।
এদিকে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাও বিএ পাস। তার বাৎসরিক মোট আয় ৩ লাখ ৬৪ হাজার ২৭২ টাকা। বর্তমানে তার নিজ নামে নগদ টাকা আছে ৭ লাখ ৫০ হাজার, স্ত্রীর নামে আছে ২০ হাজার টাকা। আর ব্যাংকে আছে নিজ নামে ১ লাখ ৫০ হাজার, স্ত্রীর নামে ১ লাখ ২০ হাজার টাকা। আছে একটি মোটরসাইকেল ও স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ। তার নিজ নামে ১৬ শতক এবং স্ত্রীর নামে ৬ শতক জমি আছে। এছাড়াও জনতা ব্যাংকে তার নামে ১৫ লাখ টাকা ঋণ রয়েছে।
২০১২ সালের ২৮ জুন প্রতিষ্ঠিত হয় রংপুর সিটি করপোরেশন। রসিকে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোট কেন্দ্র ১৯৩টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।





