বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টানা দুইবারের নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন নানা হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তার বড় মেয়ে সুনহেরা রহমানের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান।

নাজমুল হাসান পাপনের ঘনিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, ‘নানা হয়েছেন খবর পাওয়া মাত্রই পাপন অ্যাপোলো হাসপাতালে ছুটে যান। তিনি ভীষণ আনন্দিত। কারণ এমন অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম।’

সুনহেরা রহমান ছাড়াও বিসিবি প্রধান পাপনের আরও এক মেয়ে সন্তান রয়েছে। তার ছোটো মেয়ে রুশনিলা রহমান আর একমাত্র ছেলে রাফসান জিল্লুর হাসান। পরিবারে সবার ছোট রাফসান। পাপনের নানা হওয়ার আনন্দে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বোর্ডের নিম্নপদস্থ কর্মচারিদের মধ্যেও বিষয়টি নিয়ে বেশ উৎফুল্লতা চোখে পড়ে।