দেশে বেড়ে চলা দুর্নীতির জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আজ শনিবার সকালে পল্টনের তোপখানা রোড়ের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ওপর এক আলোচনা সভায় তিনি আসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক গোলাম সারওয়ার, ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, আবৃত্তিকার হাসান আরিফ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

এসময় সততার দৃষ্টান্ত হিসেবে বঙ্গবন্ধুর কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শিখিয়েছেন সততার আদর্শ। একজন রাজনীতিকের জীবনের মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের ভালোবাসা পেতে হলে মানুষ কে ভালোবাসতে হবে, মানুষের কাছে থাকতে হবে, মাটির কাছে থাকতে হবে, এই শিক্ষা বঙ্গবন্ধু রাজনীতিকদের দিয়ে গেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যারা রাজনীতি করি এখান থেকে অনেক শিক্ষা নিতে পারি। যারা রাজনীতি করি তাদের মধ্যে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে আমি সৎ, আমি শতভাগ সৎ মানুষ, কয়জন বলতে পারবে? এখানেই সমস্যা। আমরা রাজনীতিকরা যদি দুর্নীতিমুক্ত থাকি তবে দেশের দুর্নীতি অটোমেটিক্যালি (স্বয়ংক্রিয়ভাবে) অর্ধেক কমে যাবে।’

এসময় নিজ দলের তথ্য ও গবেষণা উপকমিটির অনুষ্ঠানে মন্ত্রীদের না আনার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রীরা না আসলে ক্যামেরা আসেনা এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

‘এরপর আমরা ইন্ট্রোডিউস করি, দেখি কয়টা ক্যামেরা আসে। না আসলে কী হবে। সব না আসুক কেউ না কেউ তো আসবে। তাতে কী হবে, আস্তে আস্তে হবে।’