নগরীর একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় ওমর ফারুক বাপ্পী (৪০) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকালে নগরীর কেবি আমান আলী সড়কের বড় মিয়া মসজিদ সংলগ্ন একটি ভবনের নিচতলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিকের বরাত দিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা জানান, এক নারী বাসাটি ভাড়া নিয়েছিলেন। গত বৃহস্পতিবার ওই নারী বাসায় উঠেছে। তার নাম-ঠিকানা বাড়ির মালিক জানাতে পারেনি। শনিবার ভোরে দারোয়ান দেখতে পান বাসার দরজা খোলা। ভেতরে গিয়ে তিনি একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। তার পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি জোনের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, ওমর ফারুক বাপ্পী একজন আইনজীবী ছিলেন। তার কাছে বিভিন্ন ধরণের মামলার রয়েছে। প্রাথমিকভাবে নারী ঘটিত কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, নিহত আইনজীবীর হাত-পা বাঁধা ছিল। মুখ টেপ দিয়ে মোড়ানো। পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। আমরা আইনজীবীর পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, কাগজে-কলমে বাপ্পী কাউকে বিয়ে করেছেন এমনটা পরিবার জানে না। যে বাসায় বাপ্পীর লাশ পাওয়া গেছে সেটি তার বাসা নয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ জানান, বাপ্পী চট্টগ্রাম আদালতে আইন পেশায় রয়েছে। ২০১৩ সালে তিনি বারে অন্তর্ভুক্ত হন। তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৌমুহনী গ্রামের আলী আহমেদের পুত্র।