চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ভুল পথে আসা ট্রেনের পরিচালক ও দুই চালককে
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে গঠন করা হয়েছে চার সদস্যের একটি তদন্ত কমিটি। শনিবার (২৫ নভেম্বর) ভোরে দর্শনা হল্ট স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের এক চালকসহ ৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থা সাভাভিক হয়।
দর্শনা রেলওয়ে সূত্র জানায়, খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন পার্বতীপুর অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি শনিবার (২৫ নভেম্বর) ভোর ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মালবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। আহত হয় তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানসহ ৩ জন।
দুপুর ১২টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দুর্ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা উদ্ধার কাজের পর বিকেল ৩টা ১৫ মিনিটে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
তেলবাহী ট্রেনের চালক রায়হান হাসানের অভিযোগ, তিনি দর্শনা স্টেশন মাস্টারের সিগন্যাল মেনেই দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করছিলেন। কিন্তু বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের চালকের ভুলে এই দুর্ঘটনা বলে দাবি তার।
দর্শনা স্টেশন মাস্টার হাফিজুল ইসলাম জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি দর্শনা আর্ন্তজাতিক রেলস্টেশনে যাওয়ার কথা থাকলেও ভুল করে তারা হল্ট স্টেশনে ঢুকে পড়াই এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুরে রেলওয়ের বিভাগীয় ও পশ্চিমাঞ্চলীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন।
পরে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) অসীম কুমার তালুকদার সাংবাদিকদের জানান, খুলনা অভিমুখে যাওয়া মালবাহী ট্রেনের চালক ও ট্রেনের পরিচালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে ট্রেনটির পরিচালক, চালক ও সহকারী চালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে গঠন করা হয়েছে চার সদস্যর একটি তদন্ত কমিটি। এই কমিটির অন্য সদস্যরা হলো বিভাগীয় প্রকৌশলী রিয়াদ আহমেদ, বিভাগীয় যন্ত্র প্রকৗশলী হাসানুজ্জামান ও বিভাগীয় সংকেত টেলি কমিনিকেশন প্রকৌশলী আবু হেনা।





