নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রামের কোমলমতি শিশু খাদিজার ইচ্ছা পূরণ হওয়াতে মহা খুশি সে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে একটি ট্যাব উপহার দিয়েছেন। ওই ট্যাবটি হাতে পাওয়ার পর গোটা পাড়া ছুটে বেড়াচ্ছে আর সবাইকে ট্যাবটি দেখিয়ে বলছে মন্ত্রী তাকে ওটা উপহার দিয়েছে।

প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আতিকুর রহমান হেলাল বিডি২৪লাইভকে জানান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্প্রতি খাদিজাদের গ্রাম সিংড়া উপজেলার বিনগ্রামে গিয়েছিলেন কয়েকশ’ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনের জন্য। বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের অনুষ্ঠান মঞ্চ থেকে নামার সাথে সাথে ওই গ্রামের সাইদুল ইসলাম ও শিউলী বেগমের মেয়ে স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী খাদিজা একটি ভাঙ্গা মোবাইল হাতে ছুটে যায় প্রতিমন্ত্রীর কাছে। আবদার করে ছবি তোলার। সে প্রতিমন্ত্রী কে বলে মন্ত্রী সাহেব আমি আপনার একটি ছবি তুলতে চাই'। সম্মতি পেয়ে ওই ফোন দিয়েই প্রতিমন্ত্রীর একটি ছবি তোলে সে। ভাল লাগে শিশুটির আবদার। প্রতিমন্ত্রী আদর করেন শিশু খাদিজাকে।

এ সময় ভাল মোবাইল বা ট্যাবের ইচ্ছার কথা বলে খাদিজা। পরে প্রতিমন্ত্রী তার ইচ্ছা পূরণ করেছেন। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারি আতিকুর রহমান হেলাল প্রতিমন্ত্রীর দেওয়া ট্যাবটি খাদিজার হাতে তুলে দিয়েছেন।

এদিকে শিশু খাদিজার প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভাললাগা এবং ভালবাসার নির্দশন স্বরুপ শিশু খাদিজার কাছে উপহার পাঠানোর কারণে এলাকার মানুষ অভিভূত হয়েছেন। তারা প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

খাদিজার বাবা সাইদুল ইসলাম ও মা শিউলী বেগম জানান, তারা প্রথমে ভয় পাচ্ছিলেন তাদের মেয়ে ছুটে গিয়ে মন্ত্রীর ছবি তোলার আবদার জানালে। কিন্তু মন্ত্রী তাদের মেয়েকে আদর করায় আনন্দ পেয়েছিলন। এখন ট্যাব উপহার দেওয়ায় তারা খুবই খুশী হয়েছেন।