‘রংপুর নগরী সিসি ক্যামেরার আওতায় আসায় চুরি, ছিনতাই, জঙ্গিসহ অপরাধ প্রবণতা কমে গেছে। খুব দ্রুত যে এলাকাগুলোতে সিসি ক্যামেরা লাগানোর বাকি ছিল, তা লাগানো হবে।

এতে অপরাধ প্রবণতা কমবে। নগরীর জনগণ সুখে-শান্তিতে থাকতে পারবে। রংপুর মহানগরীর জনগণ সুখে থাকলে, ভালো থাকলে পুলিশও ভালো থাকবে। এজন্য জনগণকে আরো সচেতন হতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। কারণ পুলিশের একার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয়। এজন্য নগরীর সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সিটি বাজারের কমিউনিটি মার্কেটের সামনে অভিযোগ বক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ।

এসময় রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ বাবুল মিয়া, ওসি (তদন্ত) আব্দুল আজিজ, উপ-পরিদর্শক হারেস শিকদার, মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম, ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিবাকর রায়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামানসহ পুলিশের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।