ভারতের জাতীয় খেলোয়াড় প্রয়াত শেখ ইসরাইল খোকনের পরিবারের সহায়তায় ৫টি প্রদর্শনী ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে নারায়ণগঞ্জের ফ্রেন্ডস ভ্যাটার‌্যান্স ক্লাবের ২২ সদস্যের একটি টিম।

এ টিমে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড়রা।

শুক্রবার ভারতের উদ্দেশ্যে টিমটি রওয়ানা দেবে।
ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর বিএ যোবায়ের নিপু বুধবার রাতে ফতুল্লার কায়েমপুর এলাকায় তার নিজ বাসভবনে মিট দ্য প্রেসে এ তথ্য জানান।
যোবায়ের নিপু জানান, ১২ দিনব্যাপী সফরে ভারতের হাওড়া, ভাগনান, পূর্ব মেদিনীপুর ও কোলকাতার স্টেডিয়ামে ৫টি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলা হবে। ম্যাচগুলোতে নারায়ণগঞ্জের ফ্রেন্ডস ভ্যাটার‌্যান্স ক্লাবের প্রতিপক্ষ থাকবেন ভারতের সাবেক জাতীয় দলের খেলোয়াড়রা।
প্রদর্শনী ম্যাচগুলো থেকে প্রাপ্ত অর্থ ভারতের প্রয়াত জাতীয় খেলোয়াড় প্রয়াত শেখ ইসরাইল খোকনের পরিবারের হাতে তুলে দেয়া হবে।
ভারতের এই ১২ দিনের সফরে শেফ দ্য মিশনের দায়িত্বে থাকবেন হাফিজ মোঃ রহমতউল্লাহ। টিম লিডার থাকবেন হাসান ইমাম সেন্টু। ম্যানেজারের দায়িত্ব পালন করবেন ক্লাবটির সভাপতি সাবেক জাতীয় ফুটবলার জাহাঙ্গীর কবির। সহকারী ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মঈন কাদের রবিন। কোচের দায়িত্ব পালন করবেন মঞ্জুর হাসান অরুন।
২২ সদস্যের টিমে আরো রয়েছেন, হালিম, লাল মোহাম্মদ, সেলিম, মোতালেব, বাবুল, শামীম, আয়াজ, দুলাল, তারেক, মতি প্রধান, শাহজাদা, ডাব্লিউ, জালাল, মিলন, আপেল, বিদ্যুৎ, চুন্নু, সালাউদ্দিন।