ভারতের কলকাতা থেকে এবার ২ সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিকে আটক করেছে এসটিএফ। এরা বড়সড় হামলার ছক কষছিলো বলে ধারণা করছে পুলিশ। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার মুরলীধর শর্মা মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বলেন, আটকদের মধ্যে দু’জন বাংলাদেশের নাগরিক। তাদের নাম সামশেদ এবং রিয়াজুল। এই দু’জন ভারতে বে-আইনিভাবে প্রবেশ করে। গত এক-দেড় বছর তারা ভারতেই ছিল। তাদের কাছে কোনো পাসপোর্ট বা ভিসা নেই। অন্য দিকে গ্রেফতার করা হয়েছে মনোতোষ দে নামে উত্তর ২৪ পরগনার বসিরহাটের এক বাসিন্দাকে। মনোতোষকে অস্ত্র সরবরাহকারী বলেই জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, সন্দেহভাজন জঙ্গিরা অস্ত্র কিনতে এসেছিল। এরা বিভিন্ন অস্ত্র কারবারির সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
মুরলীধর শর্মা জানান, দুর্গাপুজোর সময় সেন্ট্রাল আইবি জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাঠায় রাজ্য পুলিশের কাছে। গত ২০-২৫ দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছিল। শর্মা জানিয়েছেন, তাদের কাছ থেকে আল কায়েদা সংক্রান্ত বই ও লিফলেট পাওয়া গেছে। বিস্ফোরক তৈরির বইও বাজেয়াপ্ত হয়েছে। আটক করা হয়েছে ল্যাপটপ, পেনড্রাইভ। মিলেছে ভুয়ো আধার কার্ড। প্রাথমিক ভাবে সামশেদ এবং রিয়াজুল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সদস্য বলে জানা গেছে। এই এবিটি’র সঙ্গে যোগ রয়েছে আল কায়েদার। এবিটিকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে জাল ছড়াতে চাইছে আল কায়েদা, মনে করছেন গোয়েন্দারা।





