রোনালদো-বেনজেমার জোড়া গোলে আপোয়েল নিকোশিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে আপোয়েল নিকোশিয়াকে তাদেরই মাঠে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠে গেছে জিনেদিন জিদানের দল।

আগের ৪ ম্যাচের মাত্র একটিতে জেতা রিয়ালকে আপোলের বিপক্ষেও শুরুতে ঠিক ছন্দে দেখা যায়নি। বারবার আক্রমণে উঠলেও তার অধিকাংশই ছিল এলোমেলো। কিন্তু প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে বিরতির আগেই জয়-পরাজয়ের হিসেবটা চুকিয়ে ফেলে তারা।

গোলবন্যার শুরুটা হতে পারতো তৃতীয় মিনিটেই কিন্তু বেনজেমার ক্রস দারুণভাবে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক বরাবর শট মেরে বসেন রোনালদো।

বিরতির ঠিক আগে যোগ করা সময়ে রোনালদোর নি:স্বার্থ পাস পেয়ে স্বাগতিকদের ম্যাচে ফেরার আসা শেষ করে দেন বেনজেমা। একজনকে কাটিয়ে শট নেওয়ার ঠিক আগুমহূর্তে ডানে ছোট পাস দেন পর্তুগিজ ফরোয়ার্ড, অনায়াসে আসরে দ্বিতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার। চ্যাম্পিয়ন্স লিগে এটা তার ৫৩তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি গোল করেন রোনালদো। ৪৯তম মিনিটে মার্সেলোর ক্রসে হেডে করেন প্রথমটি। আর দ্বিতীয়টি আসে প্রতিপক্ষের ভুলে। এক ডিফেন্ডার বল হারানোর পর ছুটে এসে শট নেন গোলরক্ষক, বল বেনজেমার পায়ে লেগে চলে যায় বাঁয়ে। ওখান থেকে দারুণ কোনাকুনি শটে আসরে নিজের অষ্টম গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। ইউরোপ সেরার মঞ্চে এই নিয়ে রোনালদোর গোল হলো ১১৩টি।