সাম্প্রতি বিশ্ব জুড়ে পালিত হয়েছে ‘বিশ্ব টয়লেট দিবস’। তবে কোনো টয়লেট খুঁজে না পাওয়ায় প্রকাশ্যে মূত্রত্যাগ করে সমালোচনার মুখে পড়েছেন এক মন্ত্রী। ইতোমধ্যে মন্ত্রীর মূত্রত্যাগের ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

১৮ নভেম্বর শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের পানি সংরক্ষণ বিষয়ক মন্ত্রী রাম শিন্ধে প্রকাশ্যে মূত্রত্যাগ করেন।

এ ঘটনা নিয়ে সরকার বিরোধীদলের মধ্যে চলছে ব্যপক সমালোচনা। তাদের মন্তব্য, একজন মন্ত্রীর প্রকাশ্যে মূত্রত্যাগের ঘটনা প্রমাণ করে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিচ্ছন্নতা প্রচারাভিযান ব্যর্থ হয়েছে।

তবে মন্ত্রী রাম শিন্ধে জানান, গত একমাস ধরে ভারতের সেচ প্রকল্পগুলো পরিদর্শন করছিলেন তিনি। এছাড়া প্রচণ্ড গরম ও ধুলোবালিতে একটানা ভ্রমণ তাকে অসুস্থ করে তুলেছিল। জ্বরেও ভুগছিলেন। তিনি অস্বস্তি বোধ করছিলেন। কোনো টয়লেট খুঁজে না পাওয়ায় প্রকাশ্যে মূত্রত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

এদিকে এ কথার পরেই মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সরকারের সমালোচনা করে বলেছে, মন্ত্রী রাস্তার পাশে কোনো টয়লেট খুঁজে পাননি। কারণ সরকার এসব জায়গায় মানুষের জন্য টয়লেটের ব্যবস্থা করে দিতে ব্যর্থ হয়েছে।

বিরোধী দলীয়রা প্রশ্ন তুলে বলছে, প্রধানমন্ত্রী মানুষের কাছ থেকে কীভাবে শৃঙ্খলা আশা করেন, যখন তার মন্ত্রীরাই বিশৃঙ্খল?

এর আগে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বিশ্ব টয়লেট দিবসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ভারতে এখনও ৭০ কোটির বেশি মানুষ প্রকাশ্যে বা অনিরাপদ টয়লেটে মলত্যাগ করে।