জাপানের সফররত পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তার দেশের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ প্রস্তাব দেন তিনি। খবর: বাসস।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ‘তারো কোনো বলেছেন- আমরা রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে সহায়তা করব। জাপান রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি চুক্তি চায়।’

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে হবে। কেবল মানবিক বিবেচনায় তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

এছাড়া জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে তার ভিশন-২০২১ অর্জনে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর জোরদারে বাংলাদেশের সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইসু ইজোমি এসময় উপস্থিত ছিলেন।