কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামে প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননীকে মোবাইল ফোনে ও ঘরে এসে উত্যক্ত করায় বিষপান করে আত্মহত্যা করেছে ঐ গৃহবধূ রিমা আক্তার (২৪)।

জানা যায়, উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া হাটিবাড়ীর মালদ্বীপ প্রবাসী মোঃ রবিউলের স্ত্রী রিমা আক্তার (২৪) কে একই এলাকার পাশ্ববর্তী আবদুস সালামের ছেলে বিবাহিত সোহেল মিয়া (৩০) গত ৫-৬ মাস যাবৎ মোবাইল ফোনে ও মাঝে মধ্যে ঘরে এসে বিরক্ত করত।

রিমা আক্তারের স্বামী রবিউল গত ২ বছর যাবৎ মালদ্বীপে চাকুরি নিয়ে অবস্থান করছে এবং রায়হান নামে (৪) তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

বাড়ীতে কোন পুরুষ থাকত না বিধায় সোহেল প্রবাসীর স্ত্রী রিনাকে খুব বেশী বিরক্ত করার সুযোগ পেত। এ বিষয়টি রিনা তার বাবা জয়নাল আবেদীনসহ পরিবারের লোকদের অবগত করেছিল।

এ ঘটনার জেরে রিমা আক্তার বিষপান করে। তাকে মুমূর্ষ অবস্থায় দেখে তার ভাই তাৎক্ষনিক তাকে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেলে নেবার পথে সকাল ১১টায় বুড়িচং উত্তর বাজার এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।