বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর সরকার প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সংসদের ১৮তম অধিবেশনে বুধবার বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য একেএম শামীম ওসমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তথ্যমন্ত্রী বলেন, আগামী ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তথ্য মন্ত্রণালয় তার জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। এ জন্য বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। জন্মশতবার্ষিকীর আগেই এই চলচ্চিত্রটি নির্মাণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারি দলের সদস্য মাহবুব আলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয় বছরে ৬ থেকে ৮টি চলচ্চিত্র নির্মাণে আর্থিক অনুদান দিয়ে থাকে। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণেও অনুদান প্রদান করা হয়। তবে তা শিল্পমান সম্পন্ন হতে হবে।





