জনগণের উন্নয়নে সরকারের বিভিন্ন অর্জনের স্বীকৃতির কারণে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কার ও সনদ পেয়েছি যা আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো দল পায়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা এ সময় তার সরকারের আমলে পাওয়া গুরুত্বপূর্ণ ডিগ্রি ও পুরস্কারের তালিকা তুলে ধরেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসছে ততবারই শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাসহ আর্থ-সামাজিক উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রেখেছে। মিলেছে একের পর এক সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার। শুধুমাত্র বিগত আট বছরেই নয় ১৯৯৬-২০০১ মেয়াদসহ আমরা (সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এ গুরুত্বপূর্ণ পুরস্কার ও সনদ পেয়েছি।

তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ১৩টি ডিগ্রি পেয়েছেন। আর তিনি ও তাঁর সরকার অ্যাওয়ার্ড পায় ২৭টি।

প্রধানমন্ত্রী বলেন, সকল অর্জনই দেশের মানুষের। আগামি দিনগুলোতেও দেশের মানুয়ের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আন্তর্জাতিক এ পুরস্কারগুলো আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাবে।