আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন কমিটির সভা। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর সিটি করপোরেশনের ফাঁকে ফাঁকে দেশে চলমান রাজনীতি, বিএনপির সমাবেশ এসব নিয়ে আলোচনা হয়।
বিএনপি জনসভা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগের জনসভায় কি করতো তা কি বেগম জিয়া ভুলে গেছে। আমার গাড়িই তো ব্যারিকেড দিয়ে আটকে দিতো।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। যতক্ষণ বিএনপি গণতান্ত্রিক কর্মসূচি করবে আমরা বাধা দেব না, অতীতেও দেইনি।
কিন্ত বিএনপিতে তো ভূত আছে। ওই ভূত সবসময় বিনপিকে ষড়যন্ত্র, সন্ত্রাসে ধাবিত করে। কখন যে বিএনপিকে ভূতে পায় এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হয়। আমাদের কাছে জনগণের জানমাল,জনগণের নিরাপত্তা হলো গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কর্মসূচি করুক আপত্তি নেই। কিন্ত রাজনীতির নামে গাড়ি পোড়ানো,মানুষ মারার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।’
আলাপচারিতায়, আগামী নির্বাচন নিয়েও কথা হয়। শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচন হবে আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য দলের ঐক্য জরুরি। যেই মনোনয়ন পাক তাঁকে জেতানোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’





