তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত তৃতীয় টি-২০ জিতে ভারত সিরিজ জিতে নিয়েছে। বৃষ্টির কারণে ওভার সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। ২০ ওভারের জায়গায় সিরিজের নির্ণায়ক ম্যাচটি হয়ে যায় আট ওভারের।
যদিও ম্যাচের বল গড়ানোর আগে থেকেই বৃষ্টির ভ্রুকূটি ছিল। শেষমেশ সিরিজের শেষ ম্যাচটি হবে কিনা তা নিয়েই প্রশ্ন ছিল। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের আড়াই ঘন্টা বাদে।
খেলা শুরুর আগে থেকেই তিরুঅনন্তপুরমে শুরু হয়েছিল বৃষ্টি। বৃষ্টির কল্যাণে মাঠও হয়ে গিয়েছিল ভিজে। গ্রাউন্ডস্টাফরা প্রবল পরিশ্রম করে খেলার মতো পরিস্থিতিতে আনে মাঠ। মূলত তাদের পরিশ্রমের জন্যই তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত তৃতীয় টি-২০ আলোর মুখ দেখে।
শেষ পর্যন্ত দারুণ উত্তেজক একটি ম্যাচ দেখতে পান কেরালার ক্রিকেটপ্রেমীরা। একেবারে শেষ ওভারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি হয়। ম্যাচে অবশ্য মহেন্দ্র সিং ধোনি ছাপ রেখে যান। মোক্ষম সময়ে তিনি নিউজিল্যান্ড ব্যাটসম্যানকে রান আউট করেন।
তিরুঅনন্তপুরমের এই ম্যাচে ঘটে যায় বড় ঘটনা। যা দৃষ্টি এড়িয়ে যায় সবার। যে কোনও ক্রিকেট ম্যাচের আগেই জাতীয় সঙ্গীত হয়। এটাই প্রথা হয়ে গিয়েছে। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানোই হয়নি।
ম্যাচ আয়োজকরা বেমালুম ভুলে গিয়েছিলেন ভারত ও নিউজিল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজাতে। পরে নিজেদের ভুল বুঝতে পারেন কেরালা ক্রিকেট সংস্থার সেক্রেটারি জয়েশ জর্জ। গোটা দেশের কাছে তিনি ক্ষমাও চেয়ে নেন।
‘ডেকান ক্রনিকল’কে দেওয়া সাক্ষাৎকারে জর্জ বলেছেন, ‘এটা আমাদের ভুল ছিল। আমরা সবাই মাঠে উপস্থিত ছিলাম। বৃষ্টির শেষে মাঠ তৈরি হয়ে যাওয়ায় আমরা তাড়াহুড়ো করে খেলা শুরু করে দিই। জাতীয় সঙ্গীত বাজাতে ভুলেই গিয়েছিলাম। এটা আমাদের তরফে মারাত্মক ভুল। এর জন্য জাতির কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এমন ঘটনা আর কখনও ঘটবে না।’
খেলার শেষে অবশ্য বিরাট কোহলি এবং কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন গ্রাউন্ড স্টাফদের কাজের প্রশংসা করেছেন। কোহলিকে বলতে শোনা গিয়েছে, ‘এখানে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল। মাঠের জল নিকাশী ব্যবস্থা খুবই ভাল ছিল। এই সব জিনিস পার্থক্য গড়ে দেয়। সবার চেষ্টায় শেষ পর্যন্ত খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেটপ্রেমীরাও খেলা দেখার সুযোগ পান। ক্রিকেটাররাও খেলতে চেয়েছিল।’
কিউয়ি অধিনায়ক উইলিয়ামসনকে বলতে শোনা গিয়েছে, ‘গ্রাউন্ড স্টাফদের পুরোদস্তুর কৃতিত্ব দিতে হবে। এইরকম পারফেক্ট পিচ পাওয়া সম্ভব নয়।’





