দক্ষিণ আফ্রিকা সফরে ফুটবল খেলতে গিয়ে ইনজুরির শিকার হয়েছিলেন হুট করেই। এরপর মাঠ থেকে ছিটকে যাওয়ায় মিস করেছেন টি-টোয়েন্টি সিরিজও।
গত আসরে এই আততায়ী ইনজুরির কারণেই মিস করেছিলেন বিপিএলের মতো দেশের সবচেয়ে জনপ্রিয় আসর। পঞ্চম বিপিএলের আগে আরেকটি ইনজুরি মোস্তাফিজকে আসরের শুরুর অংশ থেকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে।
মোস্তাফিজ নেই, তার দলও এবার ভুগছে বেশ। বিপিএলের সিলেট পর্বে রাজশাহী কিংস দুই ম্যাচে মাঠে নেমে হেরেছে দুটিতেই। আসরে এখন পর্যন্ত রাজশাহী কিংসই একমাত্র দল যারা জেতেনি একটি ম্যাচও। মোস্তাফিজের অভাব তাহলে ভালোই বোধ করছে দলটি!
ড্যারেন স্যামি-মুশফিকুর রহিমের দল মোস্তাফিজের উপস্থিতিকে কতটা মিস করছে, সেটি স্পষ্ট রাজশাহী কিংসের কোচ সারোয়ার ইমরানের কথায়ই। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সারোয়ার ইমরান জানান মোস্তাফিজের সেরে ওঠা সম্পর্কে।
মোস্তাফিজের অনুপস্থিতিতে উদ্ভূত অসহায়ত্ব তার কথায় ফুটে উঠল অবলীলায়ই। তিনি বলেন, ‘মোস্তাফিজ না থাকাটা বিরাট প্রভাব ফেলেছে। তার বিকল্প নেই। বাংলাদেশেও নেই, বাইরেও নেই।’
সারোয়ার ইমরান জানান, রাজশাহী কিংসের ফিজিও বায়েজিদ তাকে জানিয়েছেন, আগামী ২৫ নভেম্বরের আগেই পুরো ফিট হয়ে উঠবেন মোস্তাফিজ।
সারোয়ারের বিশ্বাস, মোস্তাফিজের ছোঁয়ায় বদলে যাবে হারের বৃত্তে থাকা রাজশাহীর চেহারা। সারোয়ার বলেন, ‘ফিজিওর কথা অনুযায়ী মোস্তাফিজ হয়তো ২৫ তারিখের মধ্যেই ফিরবে। তখন দলের চেহারা অন্যরকম থাকবে। বিসিবি ক্লিয়ারেন্স দিলেই সে খেলবে। এর মধ্যে সে অনুশীলন করবে। এখন জগিং করছে। কয়েকদিন পর বোলিং করবে আস্তে আস্তে। এরপর যদি মনে হয় ফিট তখন মোস্তাফিজ মাঠে নামবে।’
দলের ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে দুইটা ম্যাচ হেরে আমরা মোটামুটি পিছিয়ে আছি। আমি মনে করি যে, আমাদের খেলতে হবে ১২টা ম্যাচ। ওইভাবেই দেখছি। একটা একটা করে ম্যাচ খেলছি। আমার মনে হয় আমরা পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াবো।’





