বিপিএল শুরু হয়ে গেলেও এখনও মাঠে নামা হয়নি দেশের ক্রিকেটের বড় দুই তারকা তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের। ইনজুরির কারণে দুজনই ছিটকে গেছেন বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে, খেলতে পারেননি টি-২০ সিরিজেও। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা দুই ক্রিকেটার কবে ফিরবেন- এই প্রশ্নই এখন সবার মনে।

এবার ভক্তদের সুখবর দিলেন ইঞ্জুরিতে থাকা তামিম-মুস্তাফিজ। জানা গেছে, প্রিয় দুই তারকাকে খেলতে দেখতে আর বেশি অপেক্ষা করতে হচ্ছে না সমর্থকদের। বিপিএলের ঢাকা পর্বের শুরুর দিকেই মাঠে ফিরবেন তামিম ও মুস্তাফিজ।

ইনজুরির কারণে সিলেট পর্বে পুরোদমে দলের সাথে যোগ দেননি মুস্তাফিজুর রহমান। তবে বুধবার দলের সাথে অনুশীলনে প্রথমবারের মতো যোগ দেন তিনি। মঙ্গলবার মুস্তাফিজের দল রাজশাহী কিংস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ‘মুস্তাফিজুর রহমান কিংসের ক্যাম্পে যোগ দেবেন ৮ নভেম্বর।

দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় চোট পাওয়ার পর তিনি পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেছেন। তার অবস্থা এখন ভালো। তার সেরে ওঠাকে বাধাগ্রস্ত করে এমন কিছু করা হবে না বলে কিংস পরিবার নিশ্চয়তা দিচ্ছে। কারণ সে দেশের সম্পদ। তাই পরিপূর্ণভাবে সেরে ওঠাকেই আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।’

এদিকে তামিমকে ঢাকা পর্বে দলে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, ‘ফেরার পুরো সিদ্ধান্তই নির্ভর করছে তামিমের ওপর। আমরা অবশ্য তাকে কিছু করতে বাধ্য করছি না। সে খেলতে ইচ্ছা প্রকাশ করলেই খেলতে পারবে। তবে আশা করছি তাকে ঢাকা পর্বেই দেখতে পারব। আর ওকে নিয়ে এই মুহূর্তে ঝুঁকি নিতে চাই না।’

বিপিএলের চলমান পঞ্চম আসরে তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার। নির্দ্বিধায় তিনিই দলটির অধিনায়ক হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। তবে ইনজুরির কারণে তামিম দলের সাথে না থাকায় বাধ্য হয়ে আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ নবীকে অধিনায়ক বানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

অন্যদিকে বরিশাল বুলসের আইকন ক্রিকেটার হিসেবে নাম লেখালেও পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটি এই আসর থেকে বাদ পড়লে রাজশাহী কিংসে সাধারণ খেলোয়াড় হিসেবে নাম লেখার মুস্তাফিজ। তার অভাবে থাকা দলটি ভুগছে বেশ, এখন পর্যন্ত আসরের একমাত্র জয়হীন দল তারা।