সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে প্রভাবশালী কর্তৃক অবরুদ্ধ হয়ে আছে একটি অসহায় পরিবার। অবরুদ্ধ থাকায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছে।
জানা গেছে-সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে ফরিদুল ইসলাম প্রায় বিশ বছর ধরে ৮ শতক জমির উপর বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে। ঐ বসতভিটে দখলে নেয়ার জন্য প্রতিপক্ষ মৃত জনাব আলীর পুত্র প্রভাবশালী মওলাবক্সসহ অন্যান্যরা ফরিদুল ইসলামকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে।
এ পরিস্থিতিতে বুধবার সকালে তার বসতভিটা বাড়ীর সামনে বাঁশের বেড়া, কাটা দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রাখে। এ ব্যাপারে স্থানীয় গ্রামবাসীর নিকট ধর্না দিয়েও কোন কাজ হয়নি।
ফরিদুল ইসলাম জানান, তার দুমাস বয়সি অসুস্থ শিশু মাসুমাকে নিয়ে ডাক্তারের নিকট যেতে পারছে না। দুই বছরের শিশু মাসুম বাড়ির বাইরে যেতে পারছে না।
ফরিদুলের ৭ম শ্রেণি পড়ুয়া সেলিনা খাতুন জানান, সকালে স্কুলে যাওয়ার চেষ্টা করলে তারা লাঠিসোটা নিয়ে মারতে আসে। যে কারণে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে।
ফরিদুলের বাবা জানান, বাজারে যেতে পারছি না। ঘরে চাল ডাল নেই। বাজারে যেতে দিচ্ছে না। চুলাও জলছে না। ছোট ছোট মাসুম শিশুরাও অনাহারে রয়েছে।
ফরিদুলের মা মিলি খাতুন জানান বর্তমানের খালের ভিতরে গলা পানি। তার ভিতর দিয়ে চলা ছাড়া তাদের কোন উপায় নেই।
ফরিদুল আরো জানায় পরিবারকে জীবন নাশের হুমকি প্রদানসহ বাড়ী ঘর উচ্ছেদের হুমকি দিচ্ছে। সাংবাদিকদের সহায়তায় কোন মতে বাড়ি থেকে বেড় হয়ে এসে এ ঘটনায় প্রতিকার চেয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ফরিদুল ইসলাম। অভিযুক্ত মওলা বক্স জানান আমার নিজের যায়গা। আমি বেড়াও দিতে পারি পুকুরও খনন করতে পারি। এতে কারো কিছু করা নেই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আক্তার বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





