আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, তবে কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজের স্বীকৃতি পাওয়া উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে কাদের বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা করা হবে। তবে সমাবেশকে কেন্দ্র করে কোনো ঝামেলা যাতে না হয় সে ব্যাপারেও হুঁশিয়ার করেন ওবায়ুদল।

তিনি বলেন, ঘোষণা পাঠ করলেই স্বাধীনতার ঘোষক হওয়া যায় না। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করতে চায় তারাই একমাত্র দাবী করে তাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যারা ইতিহাস নিয়ে কানামাছি খেলে তাদের ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণকে স্বীকৃতি দিয়ে সমুচিত জবাব দিয়েছে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় বাংলার আনন্দ, গৌরবের কোনো সীমা সেই। সম্মানের সঙ্গে এই ভাষণ ব্যবহার করা হবে। যত্রতত্র নয়। বঙ্গবন্ধু কতোটা বিচক্ষণ ছিলেন তা তার স্বাধীনতা ঘোষণা থেকেই বোঝা যায়।