তানোরে প্রেমিকের বাড়িতে প্রেমিকার ১২ঘন্টা অনশন করার পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। মেয়ের নাম শাবানা খাতুন (২১)। সে রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের শাফিউল ইসলামের মেয়ে।

ডিগ্রি প্রথম বর্ষে অধ্যয়নরত। ছেলে মাসুদ রানা (২৫) রাজশাহীর তানোর উপজেলার একই গ্রামের আব্দুল আজিজ ছেলে। তিনি রাজশাহী কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র।

শাবানা জানান, দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমিক মাসুদ রানা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ট হয়েছেন কয়েকবার। কিন্তু এখন তাকে বাদ দিয়ে অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। খবর পেয়ে বুধবার সকাল থেকে দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। পরে বাধ্য হয়ে উভয়ের পরিবারের সম্মতিক্রমে রাতেই তাদের বিয়ে হয়।

এদিকে বিষয়টি এলাকায় টক অফ দ্য টাউনে পরিণত হচ্ছিল। মান-সম্মান রক্ষার্থে এক লক্ষ টাকা দেনমোহরানায় অবশেষে ছেলের অভিভাবকরা ছেলে মাসুদ ও শাবানাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে একটি সুসম্পর্ক স্থাপন করে মহৎ কাজ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়রম্যান মোসলেম উদ্দীন প্রামানিক সময়ের কণ্ঠস্বরকে জানান, পারিবারিকভাবে উভয় পক্ষের সম্মতিতে রাতে এক লক্ষ টাকা দেনমোহরানায় তাদের বিয়ে দেয়া হয়েছে।