সংবাদ সম্মেলন তখন শেষ। ফিরে যাচ্ছেন মাশরাফী বিন মোর্তুজা। সংবাদকর্মীদের একজন বললেন, “এই অভিজ্ঞতাই হয়ত আপনার বাকি ছিল, দেশেরই একজন ক্রিকেটার তেড়ে যাচ্ছেন আপনার দিকে…।”
মাশরাফী হাসলেন, “ছেলেরা সব স্মার্ট হয়ে যাচ্ছে, ভালোই…।”বলার অপেক্ষা রাখে না, হাসিমুখে বললেও মাশরাফী কথাটা বলছিলেন খানিকটা আক্ষেপ থেকেই। তার জন্য নিশ্চয়ই অভিজ্ঞতাটি সুখকর কিছু ছিল না।
আজ বুধবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের রান তাড়ার সেটি ১৭তম ওভার। শুভাশিস দারুণ এক ইয়র্কার করলেন, ঠেকালেন ব্যাটসম্যান মাশরাফী। নিজের বলে ফিল্ডিং করেই বল মাশরাফীর দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফী হাত ইশারায় বললেন, ‘যা’।
আর যায় কোথায়, শুভাশিস জ্বলে উঠলেন তেলেবেগুনে। তেড়ে গেলেন মাশরাফীর দিকে। মাশরাফীর অবাক দৃষ্টি। শুভাশিস তবু থামার পাত্র নন। সতীর্থরা এসে যখন টেনে নিচ্ছেন, শুভাশিস তখনও হাত-পা ছুড়ে গর্জে যাচ্ছেন। মাশরাফী স্রেফ তাকিয়ে একদৃষ্টে!
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন





