ডিবি পুলিশ পরিচয় দিয়ে জিম্মী করে টাকা নেওয়ার সময় হাতেনাতে শিল্প পুলিশের মকবুল নামে এক সহকারী উপ পরিদর্শককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এর সাথে ব্যবহৃত আওয়ামীলীগ নেতার গাড়ীসহ আরও তিনজনকে আটককে করা হয়েছে। এদিকে ঢাকা শিল্প পুলিশ কর্তৃপক্ষ আটক এএসআই মকবুলকে সাময়িকভাবে বরখাস্থ করেছে।
বুধবার ভোরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জিম্মি থাকা একনারীসহ চারজনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি হাইয়েজ মাইক্রোবাস জব্দ করা হয়।
আটক শিল্প পুলিশ -এর সহকারী উপ পরিদর্শক মকবুল হোসেন (২৯)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন ।
এছাড়া আটক ভূয়া ডিবি সদস্য বিপ্লব হোসেন(২৬), স্বপন হোসেন(২৬), হাসমত আলী শেখ। জব্দ মাইক্রোবাসটি ( ঢাকা মেট্রো চ-৫৬-১৫৯৬) আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লতিফ মন্ডলের মালিকানাধীন। উদ্ধার করা জিম্মিরা হলেন-শামীম, রায়হান, আতিয়ার, মেহেদী হাসান।
ভুক্তভোগী শামীম জানান, অফিস শেষে বাসের অপেক্ষায় বাইপাইল স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি। এসময় একটি মাইক্রোবাস তার সামনে দাড়ায়। পরে কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে তার কাছে মাদক রয়েছে বলে তল্লাশী শুরু করে। এসময় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ২০হাজার টাকা দাবী করে। টাকা না দিলে মাদক মামলায় আসামী করে আদালতে চালান করে দিবে বলে জানান তারা। এসময় বাধ্য হয়ে তার মা চম্পা বিকাশের মাধ্যমে ১০হাজার টাকা পাঠায়। পরে আরও ১০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেয়। এসময় তার মা থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে এক ব্যক্তি আমাদের জানায় এক ডিবি পুলিশের একটি টীম তার কাছে চাদাঁ আদায়ের চেষ্টা করছে। সে প্রেক্ষিতে আমরা ওই ব্যক্তিকে নিয়ে ঘটনাস্থল বাইপাইল পুলিশ অবস্থান নেয়। পরে একটি প্রাইভেট কারে নারীর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে কৌশলে দুইজন পালিয়ে যায়। তাদের তথ্য যাচাই করে জানা যায় ডিবির ওসি পরিচয় দেওয়া ব্যক্তি আশুলিয়া শিল্প পুলিশ-১এর এএসআই মকুবল হোসেন। এসময় ভূয়া ডিবি সদস্য পরিচয় দেওয়া তিনজন কে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২০হাজার টাকা।
তিনি আরও জানান, শিল্প পুলিশের এএসআই একটি ডিবির টীম সাজিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখিয়ে চাদাঁবাজী করে আসছিল। এর আগেও এই চক্রটি ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে চাদাঁ আদায় করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে ।
ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামিনুর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপর তাকে সাময়িক বরখাস্থ করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া শুরু হয়েছে।





