অনন্য নজির গড়লেন মুম্বাইয়ের ১৬ বছরের কিশোরী৷ সৌরাষ্ট্রের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্টে ১৬৩ বলে ২০২ রানের দুরন্ত ইনিংস খেলে ডানহাতি ব্যাটসওম্যান জেমাইমা রড্রিগেজ৷ ২৭ ওভারের বেশি সময় ক্রিজে থেকে ঝোড়ো দ্বিশতক হাঁকানোর সুবাদে শিরোনামে উঠে এলো এই কিশোরী ক্রিকেটার৷
জেমাইমার দ্বিশতকের ইনিংসে ভর করে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নির্দিষ্ট ৫০ ওভারের শেষে দুই উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে মুম্বাই৷ মাত্র ১৩ বছর বয়সেই অনূর্ধ্ব-১৯ মুম্বাই দলে জায়গা করে নেয় এই বিস্ময় কিশোরী৷
এরপর ব্যাট হাতে একাধিকবার নজর কেড়েছেন জেমাইমা৷ চলতি টুর্নামেন্টে দুটি শতরান হাঁকিয়ে ফেলেছে এই জুনিয়র ক্রিকেটার৷ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট লিগে মুম্বাই ক্রিকেটারের গড়ও নজর কাড়তে বাধ্য৷ ব্যাটিং গড় ৩০০৷
চার বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি জেমাইমার৷ ছোটবেলার বোলার হিসেবে আত্মপ্রকাশ করলেও পড়ে ডানহাতি ব্যাটসম্যান হিসেবে উঠে আসে এই খুদে ক্রিকেটার৷ ইতোমধ্যেই ওপেনিং স্লটে নেমে দলের হাল ধরতে সক্ষম৷ ক্রিকেট ছাড়াও হকিতে আগ্রহ রয়েছে জেমাইমার৷ অনূর্ধ্ব-১৭ মুম্বাই দলে খেলেছেন এই খোলোয়াড়৷





