বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

৭ নভেম্বর উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদনে সুযোগ না দেয়ায় এ সময় সরকারের সমালোচনা করেছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনকে জিয়াউর রহমানের সমাধিতে যেতে না দেয়া সরকারের স্বৈরাচারী মনোভাবেরই বহিঃপ্রকাশ। এটি দুঃখজনক

বিএনপির এই নেতা বলেন, চেয়ারপারসনের উপস্থিতিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে প্রতিবছর জিয়ার মাজারে আমরা পুষ্প অর্পণ করি। এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতিবছর দিনটি পালন করি। এবার আমাদের সেই সুযোগ থেকে সরকার বঞ্চিত করেছে।

মির্জা ফখরুল বলেন, সমাবেশের অনুমতি এখনো পাইনি, আশা করছি অনুমতি পাবো। অন্যথায় প্রমাণিত হবে সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে।

উল্লেখ্য, ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে মঙ্গলবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সম্মেলনের কারণে জিয়ার মাজারে অনুমতি পাননি তিনি।