ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তাঁর আদর্শকে যেমন কেউ হত্যা করতে পারেনি, তেমনি জাতীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা যায়নি, কখনো যাবেও না।
শুক্রবার দুপুরে জেল হত্যা দিবস উপলক্ষে সিংড়ার চৌগ্রামে উপজেলা আওয়ামী লীগ আয়েজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পলক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সকল ক্রান্তিকালে হাল ধরেছে। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে। আগামী দিনের সকল ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মেকাবেলা করা হবে।
চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর ওদুদ দুদু প্রমূখ।
পরে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত হয়। এর আগে প্রতিমন্ত্রী চৌগ্রাম পুকুরপাড়া জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন। পরে তিনি বিকেলে শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেন।





