বিপিএলের পঞ্চম আসর শুরু হতে বাকী আর মাত্র দুইদিন। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।ইনজুরির কারণে বিপিএলে আসতে পারছেন না অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড় শেন ওয়াটসন।
ডান পায়ের কাফ মাসল ইনজুরিতে ভুগছেন ওয়াটসন। পুরো মৌসুম খেলতে পারবেন না ডান হাতি এ অলরাউন্ডার। ওয়াটসন না থাকলেও এরই মধ্যে দলে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন, এভিন লুইস। পাকিস্তানের শহীদ আফ্রিদি, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড কিছুদিনের মধ্যেই চলে আসবেন।
সবকিছু ঠিক থাকলে সিলেট থেকেই শুরু হবে এবারের বিপিএল। সিলেটের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।





