গত বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় অং সান সু চির অবস্থান ছিল ২৬তম। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ছিল ৩৬তম। এবার সু চিকে উপকে ৩০ তম অবস্থানে চলে এসেছে শেখ হাসিনা। অপরদিকে, সু চি চলে গেছেন ৩৩ তম অবস্থানে।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ফোর্বস’ সাময়িকী এ তালিকা প্রকাশ করেছে। গতকাল প্রকাশিত এ নতুন তালিকায় ক্ষমতাধর ১০০ নারীর তালিকা দেওয়ার পাশাপাশি বিশ্বের রাজনীতিতে সবচেয়ে ক্ষমতাধর ২১ নারীর তালিকা তুলে ধরা হয়।

শেখ হাসিনাকে ‘লেডি অব ঢাকা’ আখ্যায়িত করে ফোর্বস জানায়, শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার অঙ্গীকার করেছেন এবং তাদের জন্য ২০০০ একর জমি বরাদ্দ দিয়েছেন। যা মিয়ানমার স্টেট কাউন্সেলর অং সান সু চির অবস্থানের সম্পূর্ণ উল্টো।

তালিকা অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর প্রথম ৫ জন নারী হলেন- জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে, যুক্তরাষ্ট্রের মেলিন্ডা গেটস, সেরিল স্যান্ডবার্গ ও মেরি ব্যারা।

উল্লেখ্য, ১০০ জনের তালিকায় ফার্স্ট লেডি থেকে শুরু করে আছেন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাসহ বিনোদন-জগতের ব্যক্তিরাও।