বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আহসান হাবিব ওই রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তার সঙ্গে গ্রেফতার বাকিদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, মিরপুরের দারুস সালাম থেকে গ্রেফতারকৃত বিমানের পাইলট সাব্বির এনামের সাত দিনের রিমান্ডসহ সুলতানা পারভীনের পাঁচ দিনের ও বাকি দুই জনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এর আগে বুধবার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বিরকে বরখাস্ত করা হয় বলে সংবাদমাধ্যমকে জানান বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

সোমবার মধ্যরাতে রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকা থেকে সাব্বিরসহ চার জঙ্গিকে গ্রেফতার করেছিল র‍্যাব। এরপর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত পাইলট সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের বাসভবনে আঘাত করার পরিকল্পনা করে। এছাড়াও বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।