বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনের। এ নিয়ে অনেক আশা-ভরসা ছিল ভক্তদের। তারা অপেক্ষার প্রহর গুনছিলেন,

কবে কখন আসবেন তাদের প্রিয় তারকা? কিন্তু হায়! বিপিএলের তিন দিন আগে জানা গেলো এবারের আসরেও খেলতে পারবেন না ওয়াটসন। হঠাৎ ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে তিনি।

বিপিএল নিয়ে বেশ রোমাঞ্চে ছিল ওয়াটসন। সেটি ঢাকা ডায়নামাইটসের ফেসবুক পেইজে দেয়া ভিডিও বার্তায় তার কথাতেই স্পষ্ট ছিল। ভিডিওটিতে অস্ট্রেলিয়ার ৩৮ বছর বয়সী এই তারকা বলেন, ‘ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএল খেলতে আমি মুখিয়ে আছি। ক্রিকেটের প্রতি বাংলাদেশের দর্শকদের উন্মাদনা এর আগেও দেখেছি। এবার ঢাকা ডায়নামাইটসের সমর্থকদের মাতাতে আসছি। মাঠে আসুন এবং বিপিএলের উত্তেজনা অনুভব করুন।’

এর আগে ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে এসেছিলেন শেন ওয়াটসন। মিরপুর শের-ই-বাংলায় টাইগারদের বিপক্ষে মাত্র ৬৯ বল মোকাবেলা করে সেঞ্চুরি তুলে নেন। ৯৬ বলে ১৫টি চার আর ১৫টি ছক্কায় ক্যারিয়ার সেরা ১৮৫ রানের ইনিংসটি খেলেছিলেন তিনি। সেই ইনিংসটিকে ভুলেননি ওয়াটসন। এবারও একই ফর্ম ধরে রাখার প্রত্যয় তার।

গত সেপ্টেম্বরে প্রকাশিত ভিডিওতে তিনি যোগ করেন, ‘বাংলাদেশ সফরে আমি আমার ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেছিলাম। আশা করছি ওই ফর্ম এবারও ফিরিয়ে আনতে পারব।’ ভিডিও বার্তায় ঢাকা ডায়নামাইটসের স্লোগান দিতে ভুল করেননি তিনি, ভাঙা উচ্চারণে বাংলায় বলেছেন, ‘জিতবে ঢাকা দেখবে দেশ।’