সম্প্রতি সৌদি গেজেট সহ দেশ বিদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে যে, সৌদি আরবে প্রবাসীদের ভিসার মেয়াদ কমানো হচ্ছে। আসলেই কিন্তু ভিসার মেয়াদ কমছে না। তাহলে?

বিভিন্ন প্রিন্ট ও টিভি মিডিয়া প্রকাশ করেছে,সৌদি আরবের বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের দেয়া দুই বছরের ভিসার বৈধতা এক বছর কমিয়ে দিয়েছে দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। তবে দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গৃহকর্মীরা সেই আইনের আওতায় পড়বে না। এ ব্যাপারে একটি প্রজ্ঞাপনও জারি করেছেন শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী ডা. আলি আল-ঘাফিস। সৌদি আরবের শ্রম আইনের ১১ নম্বর অনুচ্ছেদ অনুসারে ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সৌদি প্রেস অ্যাজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, মন্ত্রী ডা. আলি আল-ঘাফিসের নির্দেশে ইতোমধ্যেই কাজ শুরু করেছে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। গত রোববার শ্রমমন্ত্রী আরেকটি নির্দেশ জারি করেন। সৌদিতে বসবাসরত বিদেশি মা এবং সৌদি আরবের নারীর বিদেশি সন্তান বেসরকারি খাতে কর্মরত থাকলেও এ আইনের আওতায় আসবে। সৌদি আরবের নাগরিক এবং বিশেষজ্ঞরা এই আইনকে স্বাগত জানিয়েছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আল ওয়াইন এই সিদ্ধান্তকে সঠিক হিসেবে আখ্যায়িত করেন।

ব্যাপারটিকে অনেকেই বুঝেছেন তাদের ভিসার মেয়ান ২ বছর থাকলে তা ১ বছর হয়ে যাবে। অনেকেই মনে করছেন, আগে শ্রমিকদেরকে কাজের জন্য ২ বছরের ভিসা দেয়া হত তা এখন থেকে ১ বছরের করা হয়েছে। তার মানে হল কেউ সৌদি আসলে আগে সাধারণত ২ বছরের মিনিমাম চিন্তা করে আসত এখন সেটা ১ বছর!

এই ব্যাখ্যা ও ধারণাটি ভুল। আসলে নতুন আদেশটি দ্বারা তা বুঝানো হয়নি। এভাবে লেখায় অনেক প্রবাসীও বিভ্রান্ত হয়ে আমাদের কাছে মূল বিষয়টির সত্যতা জানতে চেয়ে অনেক প্রবাসী যোগাযোগ করেছেন।

আসল সংবাদটি হচ্ছে সৌদি আরবে যে কর্মীরা আসতে চায় তাদের জন্যে সৌদি সরকার যে ভিসাগুলি পাঠায় তা এতদিন স্ট্যাম্প করার জন্যে দুই বছর সময় থাকতো। ২ বছরের মধ্যে সেই ভিসার বিপরীতে লোক নির্বাচন করে তার পাসপোর্টে সৌদি দূতাবাস হতে ভিসার স্টাম্পিং করতে হত। সেটা এখন থেকে ভিসা ইস্যু হবার পরে এক বছরের মধ্যে পাসপোর্টে তা লাগাতে হবে।

প্রকৃতপক্ষে অনেক আগে থেকেই নিয়োগদাতা কোম্পানিগুলো তার শ্রমিকদের কাজের অনুমতি ও রেসিডেন্ট পারমিট প্রতি বছরই নবায়ন করে। কারো সৌদি আরবে থাকা না থাকা তার স্পন্সরের/ নিয়োগকর্তার চাহিদার ভিত্তিতে তার সাথে সম্পাদিত চুক্তির উপর নির্ভর করে। সৌদিআরবে থাকার জন্য অন্যান দেশের মত ভিসা দেয়া হয়না, এখানে দেয়া হয় রেসিডেন্ট পারমিট।
এটা আরো বুঝা যায় আরবী সংবাদের মাঝে প্রয়োগকৃত শব্দগুলো দেখে। যা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েব সাইটের ভিসা ব্যাবহারের মেয়াদের তথ্য দ্বারা ও বুঝা যায়।