কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য স্থাপিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের অস্থায়ী মা ও শিশু প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণে গিয়ে তিনি এই অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন।

এসময় বিএনপি চেয়ারপারসন ড্যাবের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি নিউট্রিশন কর্নার ও ব্রেস্ট ফিডিং কর্নার পরিদর্শন শেষে ফার্মেসিতে যান। সেখানে রোগীদের মাঝে ওষুধপত্র বিতরণ করেন খালেদা জিয়া
এরপর বিএনপি চেয়ারপারসন মা ও শিশু প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের ল্যাবের স্টেরিওলজিক্যাল, বায়োক্যামিকেল এবং হেপাটোলজিক্যাল সেকশনও পরিদর্শন করেন।
খালেদা জিয়া ড্যাবের মাধ্যমে বিতরণের জন্য ২৪ লাখ টাকা মূল্যের ১০ হাজার প্যাকেট হাই-প্রোটিন বিস্কিট, ১০ হাজার জীবানুনাশক সাবান এবং ১০ হাজার শিশু ও গর্ভবতী মায়ের জন্য পুষ্টিকর খাবার হন্তান্তর করেন।
এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে ড্যাব। মঙ্গলবার ৪৯তম দিনে চিকিৎসাসেবা নিয়েছে ২ হাজার ১০০ জন রোহিঙ্গা নর-নারী ও শিশুরা।