চট্রগ্রাম থেকে ঢাকা ফেরার পথে ফেনীতে খালেদার গাড়ির পশে দুটি বাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর সাথে জড়িতদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। এর প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ থেকে ৫ জনকে আটক করার খবর পাওয়া গেছে।
রাজধানীর পল্টন এলাকার ভিআইপি টাওয়ারের সামনে এই বিক্ষোভ হয় বলে জানা গেছে। এসময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নামলে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়। এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে বিএনপি সূত্রে জানা যায়, খালেদার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিএনপি একটি মিছিল বের করে। এ সময় পুলিশ মিছিল থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করে। তবে ওসি জানিয়েছেন, এখনো কাউকে আটক করা হয়নি।





