বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ বিমানের পাইলট সাব্বির সহ ৪ জঙ্গিকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি বিমান হামলা চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের বাসভবনে হামলা করার পরিকল্পনা ছিল জঙ্গিদের।
র্যাব জানিয়েছে, আটককৃত ৪ জন মিরপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহ ও তার সহযোগী। রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে তাদের আটক করে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন আবদুল্লাহ যে বাসায় ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের স্ত্রী ও সাব্বিরের মা সুলতানা পারভিন, পারভিনের আত্মীয় আসিফুর রহমান ও আলম।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের পরিচালক (গণমাধ্যম) কমান্ডার মুফতি মাহমুদ খান। তিনি বলেন, সাব্বির ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেন। ২০১০ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত রিজেন্ট এয়ারওয়েজে চাকরি করেন। ওই বছরই তিনি বিমানের পাইলটের চাকরি নেন। বিমানের ফার্স্ট অফিসার হিসেবে সাব্বির বোয়িং ৭৩৭ উড়োজাহাজ চালাতেন।
গত ৩০ অক্টোবর তিনি ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করেন। তবে জঙ্গি আবদুল্লাহর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। নিহত জঙ্গি সারোয়ার জাহানের কাছ থেকে সাব্বির বায়াত গ্রহণ করেন। গুলশানে হোলি আর্টিজানে হামলার আগে ও পরে নাশকতার পরিকল্পনা ছিল তাঁর। এরই অংশ হিসেবে সাব্বির বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাতের পরিকল্পনা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ছাড়া বিমানের যাত্রীদের জিম্মি করে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনাও তাঁর ছিল।





