খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে ফেনীর মহীপালে যাত্রী নামিয়ে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খালেদা জিয়া ঢাকা ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।তবে খালেদা জিয়ার গাড়িবহরের সবাই নিরাপদে রয়েছে বলে জানা গেছে।
খালেদা জিয়া গাড়িবহরে হামলা করাই দুর্বৃত্তদের উদ্দেশ্য ছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফের তারা হামলার অপচেষ্টা করে।
এর আগে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর ২টায় তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম সার্কিট হাউজ ত্যাগ করেন। ফেনিতে কিছুক্ষণের যাত্রাবিরতি দিয়ে রাতে ঢাকায় পৌঁছবেন।
বিকাল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় খালেদা জিয়ার গাড়িবহর ফেনী অতিক্রম করছিল বলে জানান তার মিডিয়া উইংয়ের কর্মকতা শায়রুল কবির খান।
প্রসঙ্গত, গত শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য রওয়ানা দেন খালেদা জিয়া। সোমবার বেলা পৌনে ১ টার দিকে উখিয়ার ক্যাম্পে পৌঁছান তিনি।
এর আগে রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ গাড়িবহর নিয়ে দলীয় নেতা-কর্মী ও জনতার বিশাল ভিড় পার হয়ে টানা আট ঘণ্টায় কক্সবাজারে পৌঁছান তিনি।
উখিয়ার কুতুপালং, শফিউল্লাহ কাটা ও বালুখালী ক্যাম্পে আশ্রয় নেয়া অসহায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পরিচালিত একটি চিকিৎসা ক্যাম্পও পরিদর্শন করেন। যাওয়ার পথেও খালেদা জিয়ার গাড়িবহরে দুর্বৃত্তরা হামলা করে। এতে কয়েকজন সাংবাদিক আহত ও কয়েকটি গাড়ি ভাঙ্চুর করা হয়।





