জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরেরর লেলিয়ে দেয়া লাঠিবাহিনীর, পিস্তলবাহিনী টিকতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কক্সবাজার যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য জনগণ আসবে কেন? লাখো মানুষের ঢল হবে কেন? এটা সরকারের প্রতিহিংসার জ্বালা। তাই ছাত্রলীগ-যুবলীগকে লেলিয়ে দেয়া হয়েছে। সকাল থেকেই পাদুয়ার বাজার, চান্দিনা, কুমিল্লায় ওবায়দুল কাদেরের লেলিয়ে দেয়া বাহিনি লাঠিসোটা নিয়ে আক্রমণ করেছে। কিন্তু জনতার ঢলের কাছে ওবায়দুল কাদেরের লেলিয়ে দেয়া লাঠিবাহিনি-পিস্তলবাহিনি টিকতে পারেনি। দমাতে পারেনি জনস্রোতকে।
তিনি বলেন, সকল বাধা ষড়যন্ত্র ডিঙ্গিয়ে এগিয়ে গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর। আওয়ামী লীগের মনে জ্বালা এখন মিটাবে কি করে?’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘জনতার ঢল দেখে মনের জ্বালা মেটানোর জন্য ফেনীতে সরকারের লেলিয়ে দেয়া বাহিনী গণমাধ্যমের গাড়িসহ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করেছে। তাদের মনের জ্বালা তো মেটাতে হবে, কারণ ফেনী হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীর একটি বড় ফ্যাক্টরি। সেখানে অনেক হাজারীদের জন্ম হয়। ওরা নিজেদের মধ্যেই মারামারি করে প্রতিপক্ষকে জ্বালিয়ে পুরিয়ে দেয়।’





