পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবদুল মালেক (২৫) নামে ছাত্রলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের ২ নম্বর খলিফাপট্টিতে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।নিহত মালেক শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে।আটককৃতরা হলেন- জানপুর মহল্লার শাহ আলমের ছেলে সোহেল রানা (১৯), আহম্মদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৮), আমির হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯), মহর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৫), কুশাহাটা কড়িতলা এলাকার মৃত ওসমান আলীর ছেলে মনোয়ার হোসেন (৫৫) ও রানীগ্রাম মহল্লার মাহবুব আলীর ছেলে মোর্শেদ (১৯)।

সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, দুপুরে চৌরাস্তা মোড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জানপুর মহল্লার নজরুলের সঙ্গে মালেকের বড় ভাই পৌর যুবলীগের সদস্য আবু মুছার বাকবিতণ্ডা হয়। এ সময় উভয়েই তাদের স্বজন ও সমর্থকদের মোবাইল করে ঘটনাস্থলে আসতে বলে।

এর কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং নজরুল সমর্থকরা মুছা সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মালেক দৌড়ে পালানোর সময় ২ নম্বর খলিফাপট্টিতে অবস্থিত ইসলামী ব্যাংকের সামনে তাকে রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।