মাদক সেবনকারীদের ধরতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন দিনাজপুরের বিরল থানার এক পরিদর্শক (তদন্ত) সহ দুই পুলিশ সদস্য। শনিবার দিবাগত রাত ১০টার দিকে বিরল উপজেলার ধামইর ইউনিয়নের নেহালগ্রামে (মিলপাড়া) এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিরল থানাধীন মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খন্দকার হাফিজুর রহমান ও কনস্টেবল আলতাফুর রহমান।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, উপজেলার ধামইর ইউনিয়নের নেহালগ্রামে কয়েকজন মাদক সেবনকারী রিকশা ভ্যানে বসে মাদক সেবন করছিল।
খবর পেয়ে মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) হাফিজুরে নেতৃত্বে পুলিশের একটি সাদা পোশাকধারী দল সেখানে যায়। মাদক সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে।
এসময় পুলিশ মাদক সেবনকারীদের ভ্যানটি নিয়ে আসতে গেলে তারা চোর চোর বলে চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন তাদের চিৎকারে শুনে ছুটে এসে পুলিশের উপর চড়াও হয়।
ওসি জানান, এসময় অন্য পুলিশ সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাদকসেবীদের হামলায় পরিদর্শক হাফিজুর ও কনস্টেবল আলতাফুর গুরুতর আহত হন।
পরে বিরল থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে। প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে দিনাজপুর এম আবদুর রহিম হাসপাতালে রেফার্ড করেন।
রাতেই দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আহতদের খোঁজখবরও নেন।
এদিকে ঘটনার পর থেকেই পুলিশি অভিযানের আশঙ্কায় নেহালগ্রাম (মিলপাড়া) পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানায় এলাকাবাসী।





