লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শাকিব হোসেন (২০) নামে এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার গভীররাতে উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
শাকিব হোসেন পাটগ্রাম উপজেলার বুড়িমারাী ইউনিয়নের মুগলিবাড়ী গ্রামের আব্দুল মজিদের ছেলে।বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার গভীররাতে সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলারের সন্নিকট দিয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংবান্ধা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
এ ঘটনায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর ক্যাম্প কমান্ডার পর্যায়ে বুড়িমারী জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ জানায়, ধৃত যুবকের নিকট কোন রকম পাসপোর্ট পাওয়া যায়নি। সে অবৈধভাবে ভারতে প্রবেশ করায় বিএসএফ সদস্যরা তাকে আটক করে মেকলিগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেছে।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোর্শেদ বাংলাদেশি যুবক আটকের সত্যতা নিশ্চিত করেছেন।





