সিলেটের গোয়াইনঘাটে এ অঞ্চলের প্রথম পূর্ণাঙ্গ স্থলবন্দর তামাবিলের উদ্বোধন হয়েছে। শুক্রবার দুপুরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থলবন্দরের উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ।

অনুষ্ঠানে জানানো হয়, তামাবিল স্থলবন্দর ভারতের মেঘালয়সহ ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম ও ভুটানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। প্রতি বছর এই স্থলবন্দর থেকে সরকারের শত কোটি টাকারও অধিক রাজস্ব আয়ের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

জানা গেছে, ২০১৫ সালের ৮ মে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান তামাবিল স্থলবন্দর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভূমি ও স্থলবন্দরের সার্বিক উন্নয়নসহ প্রকল্পটি বাস্তবায়নে ৬৯ কোটি ২৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে, এর নির্মাণকাজ শুরু হয়। দীর্ঘ ২৮ মাসে বন্দরটির নির্মাণ কাজ সম্পন্ন হয়।